Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হলেন পাবনার পরাগ


প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের প্রখ্যাত সৃজনশীল আলোকচিত্রী ও ‘ছবির গল্প বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগ। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


খালেদ হোসেন পরাগ ১৯৭৮ সালের ১৯ অক্টোবর পাবনা শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা তোসাদ্দক হোসেন বেনু ছিলেন সরকারি চাকরিজীবী এবং মাতা আনোয়ার বেগম। পরাগের চাচা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু ছিলেন সাবেক সংসদ সদস্য এবং তাঁর দাদা ছিলেন জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট। পাবনা জেলা স্কুল ও ঢাকা তেজগাঁও কলেজে পড়াশোনা করা পরাগ শৈশব থেকেই অত্যন্ত সৃজনশীল হিসেবে পরিচিত ছিলেন। পরাগ ১৯৯৮ সালে পাবনায় ‘হেডে ক্রিয়েটিভ গ্রুপ’ প্রতিষ্ঠা করে অসংখ্য তরুণের প্রতিভা বিকাশের পথ উন্মোচন করেন। ২০০০ সালে তিনি ‘প্রযুক্তির সূর্য’ নামক পত্রিকা এবং ‘পাবনা নিউজ টুয়েন্টি ফোর’ অনলাইন পত্রিকার সূচনা করেন। এছাড়াও তিনি পাবনার তরুণ সাংবাদিকদের সংগঠন ‘ইয়াং জার্নালিস্ট ফোরাম’-এর প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য। 


আলোকচিত্রী হিসেবে খালেদ হোসেন পরাগের বিশেষ পরিচিতি গড়ে ওঠে ২০০৬ সালে প্রকাশিত তরুণ তারেক রহমানের আলোচিত ইউনিয়ন প্রতিনিধি সভার ফটো ডকুমেন্টেশন বই ‘ছবির গল্প’-এর মাধ্যমে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরা এই প্রকাশনাটি দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ওপর ভিত্তি করে ‘দেশনেত্রী’ নামে আরেকটি ফটো ডকুমেন্টেশন প্রকাশ করেন।


রাজনৈতিক আদর্শের ধারক হিসেবে তিনি গত দুই দশক ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ‘দৈনিক দিনকাল’ পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পাবনা জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।


আন্দোলন-সংগ্রামে কয়েকবার গুলিবিদ্ধ ও গুরুতর আহত হলেও তিনি দমে যাননি। পাবনার কৃতি সন্তান হিসেবে জেলার জন্মদিনের আয়োজনের উদ্যোক্তাও তিনি। তাঁর এই নতুন দায়িত্বে পাবনাবাসী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।