Type Here to Get Search Results !

সুজানগর বিএনপি নেতাকে ছুরিকাঘাত করে ‘২ লাখ টাকা ছিনতাই’

 পাবনার সুজানগর উপজেলায় স্থানীয় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অদূরে একটি মাঠে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন।

আহত মো. বিল্লাল হোসেন সুজানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও স্বজনরা জানান, সকালে বিল্লাল ব্যক্তিগত কাজে যাওয়ার পথে একদল লোক তার গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সুজানগর থানায় অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ওসি মোজাফফর হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।