পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১০।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
রবিবার ভোররাতে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল, র্যাব-১২ এর সহযোগিতায় পাবনা সদর উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
একইদিন বিকালে র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে রাত প্রায় ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

