Type Here to Get Search Results !

পাবনায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 পাবনায় চাঞ্চল্যকর গৃহবধূ কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী বরখাস্তকৃত সেনা সদস্য রাকিবুল ইসলাম (২২) কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে পাবনার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় প্রদান করেন।

একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের আব্দুল কাদের এর মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের চাঁদু শেখের ছেলে সেনা সদস্য রাকিবুল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিলনা এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে মারধর করতেন।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পিতা আব্দুল কাদের বাদী হয়ে ১৫ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সেনা সদস্য রাকিবুলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানির পর রোববার এই মামলার রায় দেয়া হয়।

আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোকিবুল আলম লাবলু এবং বাদীপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জ।