দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে আরিচা–পাটুরিয়া–কাজিরহাট সংযোগে ‘ওয়াই টাইপ সেতু’ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন পাবনার সাধারণ মানুষ।
শুক্রবার (১০এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাস্থ পাবনাবাসীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উক্ত রুটে একটি আধুনিক ওয়াই টাইপ সেতু নির্মিত হলে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি, দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। বর্তমানে ফেরিনির্ভর যাতায়াত ব্যবস্থার কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দ্রুত সেতুটি নির্মাণ এখন সময়ের দাবি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, এই সেতু শুধু একটি আঞ্চলিক দাবি নয়, এটি জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফেরিনির্ভর যোগাযোগব্যবস্থা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে এবং অর্থনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সংগঠনের সভাপতি নাজমুল খান টিটু বলেন, এটি আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন জরুরি।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপি নেত্রী খায়রুন নাহার মিরু, অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, দবির উদ্দিন তুষার ও শামসুর রহমান বুখারী। এছাড়াও ‘আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজমুল খান টিটু, সদস্য সেলিম রেজা, ফকির শরিফুল হক, মাসুদ রানা, তৌফিক হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়- অবিলম্বে আরিচা–পাটুরিয়া–কাজিরহাট রুটে ওয়াই টাইপ সেতু নির্মাণের ঘোষণা প্রদান করতে হবে। দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা, জরিপ ও নকশা প্রণয়নের কাজ শুরু করতে হবে। প্রকল্পটি জাতীয় অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।
