Type Here to Get Search Results !

হোমপাবনাপাবনায় হামের প্রকোপ বাড়ছে, আরো এক শিশুর মৃত্যু পাবনায় হামের প্রকোপ বাড়ছে, আরো এক শিশুর মৃত্যু

 পাবনায় হামে আক্রান্ত হয়ে তাহসিন খান নামে আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে পাবনায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হলো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত তাহসিন সদর উপজেলার দেলোয়ার হোসেন খানের ছেলে। স্বজনরা তার মৃত্যুর বিষয়টির নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্র জানায়, এবারের ঈদুল ফিতরের পরদিন তাহসিন খান হামে আক্রান্ত হলে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাম আক্রান্ত শিশুকে তারা ভর্তিতে অপারগতা প্রকাশ করলে তাকে ফিরিয়ে এনে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন থাকার পর শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। পরে তাকে আবারও নেওয়া হয় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটি মারা যায়।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, পাবনায় সংক্রামক ব্যাধি হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত ৪৮ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৩৮ নতুন শিশু রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে এখনো হামে আক্রান্ত ৫০ শিশু চিকিৎসাধীন। 

সূত্রমতে, বছরের শুরু থেকেই পাবনায় হামের প্রকোপ দেখা যায়। এতে প্রথম তিন মাসেই জেলায় ২১১ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৮৬ জন। এর মধ্যেই হামে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুই শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার আরও এক শিশুর মৃত্যু হলো